২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় খুলছে বুধবার

শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর প্রায় দু’সপ্তাহ বন্ধ থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) বুধবার খুলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 12:41 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানান, উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধের সভাপতিত্বে অনুষদগুলোর ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে রোববার অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

“বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে, সোমবার থেকে ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হবে।”

তবে ক্যাম্পাসে সব ধরণের মিছিল সমাবেশ ও দলগত অবস্থান নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান খলিলুর।

অধ্যাপক গৌতম বুদ্ধ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঁচ জন এবং ফিশারিজ অনুষদের তিন জনসহ মোট আট শিক্ষার্থীর ছাত্রাবাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

“ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এরা হলেন- ভেটেরিনারি মেডিসিন অনুষদের কল্যাণ আশীষ ভাদুড়ি, জগন্নাথ চন্দ্র দে, ভুবন চন্দ্র হালদার, এম এস আবদুস সালাম ও আশীক হাজরা এবং ফিশারিজ অনুষদের শফিকুল ইসলাম, সাজিব মেহরাব সৌহার্দ্য ও ফরহাদুল ইসলাম।

গত ১১ এপ্রিল ক্রিকেট খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার জের ধরে পর দিন সংঘর্ষে দুই ছাত্রীসহ কয়েকজন আহত হয়। সেদিনই অনির্দিষ্টকালের জন্য সিভাসু বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।