জব্বারের বলীখেলা, সঙ্গে বসছে বাহারি পণ্যের মেলা
বছর ঘুরে আবার ফিরে এসেছে চট্টগ্রামে শতবর্ষের ঐতিহ্যবাহী লোকক্রীড়া জব্বারের বলীখেলা; তার সঙ্গে বসছে গৃহস্থালিসহ লোকশিল্পের তৈরি বাহারি পণ্যের মেলা।
বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখে লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত হয় এই খেলা, তার সঙ্গে আশেপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে বসে বৈশাখি মেলা।
রোববার শুরু হতে যাওয়া বলীখেলার ১০৭তম আসরকে সামনে রেখে এর মধ্যেই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দোকানিরা।
ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। পরে আব্দুল জব্বারের বলীখেলা পরিচিত হয়, যার জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে।
গৃহস্থালি সামগ্রীর পাশাপাশি ঘর সাজানোর জিনিস পাওয়া যায় বলে এই আয়োজনের অপেক্ষায় থাকে চট্টগ্রামবাসী; শিশুদেরও আনন্দের কমতি থাকে না।
নগরীর গাছিটোলা এলাকায় তাদের মূল কারখানা ও শাহ জালাল মাজারের গেইটে তাদের স্থায়ী দোকান। তার দাবি তিন যুগেরও বেশি সময় ধরে তার পরিবার এই মেলার আসছে।
পঙ্কজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাদু আসতেন বাবাকে নিয়ে; বাবা আমাকে নিয়ে আসতেন। আর গত দুই বছর ধরে আমি আসছি ভাইপোকে নিয়ে।”
জব্বারের বলি খেলার মেলার অন্যতম আকর্ষণ ছোটদের খেলনা ‘টনটনি গাড়ি’ বড়রাও শখ করে কেনেন। মেলায় আসা বিভিন্ন জিনিসপত্র অন্য সময়ে চট্টগ্রাম পাওয়া গেলেও বগুড়া থেকে আসা এই গাড়ি মেলা ছাড়া মেলে না।
এবারের মেলায় বিক্রির জন্য বগুড়ার দুপচাচিঁয়া উপজেলার বাসিন্দা জামাল উদ্দিনও গাড়ি নিয়ে এসেছেন।
বাড়িতে নিজেরাই এসব খেলনা তৈরি করেন জানিয়ে তিনি বলেন, “প্রতিবছরই বলি খেলায় আমরা বেশ কয়েকজন গাড়িগুলো বিক্রি করতে চট্টগ্রাম আসি।”
মেলায় বসেছে রশি দিয়ে তৈরি দোলনা এবং পাটের তৈরি বিভিন্ন শো-পিস ও পুতুল, যেগুলো ঘরের শোভা বর্ধনে ব্যবহার করা হয়। গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরি গ্রাম থেকে এসব পণ্য এনেছেন ষাটোর্ধ্ব মিজান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিজেরা এসব তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করি। তবে বলীখেলার মেলায় নিজেরাই বিক্রি করি এসব মালামাল।”
১০ বছরেরও বেশি সময় ধরে এই মেলায় অংশ নেন বলে জানান তিনি।
তিনি বলেন, সারা বছর এগুলো বিক্রি হলেও মেলায় চাহিদা বেশি। তাই তিন দশকেরও বেশি সময় ধরে মেলায় আসেন ঝাড়ু বিক্রি করতে।
গরম আর লোডশেডিংয়ে অতীষ্ট মানুষের বড় একটা সম্বল হাতপাখা নিয়ে নরসিংদীর শিবপুর উপজেলা থেকে এসেছেন এসেছেন আব্দুল আওয়াল।
তিনি বলেন, “প্রতিবছর বলীখেলার মেলায় হাতপাখা নিয়ে চট্টগ্রাম আসি। যা আনা হয় তা বিক্রি করে বাড়ি ফিরি।”
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও ধানমণ্ডির শংকর এলাকার স্থায়ী দোকানি বাদল ও নাছির নিয়ে এসেছেন মাটির টব ও শো-পিস।
বড়দের সঙ্গে এসেছেন ছোটরাও; তাদের একজন রিয়া। ঢাকার লালবাগ থেকে মা-বাবার সঙ্গে কাচের চুরি নিয়ে দোকান সাজিয়েছে সেও।
