চট্টগ্রামে মা-মেয়ের লাশ: স্বামী কারাগারে, রিমান্ড আবেদন
চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বাড়ি থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার অসীম শীলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আদালত পুলিশের এসআই শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার শিশুর বাবা অসীমকে কারাগারে আদালতে তোলা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ কায়সার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালখালী থানার এসআই মোস্তাক আহমেদ জানান, অসীমকে জিজ্ঞাসাবদের ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
“বিচারক আগামী রোববার শুনানির দিন রেখেছেন।”
মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী শীল পাড়ায় নিজ বাড়ি থেকে শেলী শীল ও তার পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ।
শেলীর লাশ ঝুলন্ত ও তার মেয়ে অন্তরার লাশ শোয়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছিল। লাশ উদ্ধারের পর শিশু অন্তরাকে শ্বাস রোধ করে হত্যা করার ধারণা করছে পুলিশ।
অসীমের মা সবিতা শীল পুত্রবধূর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বললেও তার পরিবারের সদস্যরা এটাকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন।
এ ঘটনায় বুধবার সকালে শেলী শীলের মা মিনতী বালা শীল অসীমকে প্রধান আসামি করে শ্বাশুড়ি সবিতা শীল, দুই ননদ ও তাদের স্বামী এবং সবিতা শীলের ভাই সুকুমার শীলকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
পরে বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বৈলতলী গ্রামে বোনের বাড়ি থেকে শেলীর স্বামী অসীম শীলকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও অসীমের মামা সুকুমার শীলকেও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা মোস্তাক।
