বাঁশখালী হত্যাকাণ্ডের দায় জ্বালানি উপদেষ্টার: আনু মুহাম্মদ
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র বিরোধী বিক্ষোভের সময় পক্ষে-বিপক্ষে সংঘর্ষে চার জনের মৃত্যুর দায় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টাকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
রাজধানীতে শুক্রবার দুপুরে এক মতবিনিময় সভায় মন্তব্যটি করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির এই সদস্য সচিব ।
“বাঁশখালীর হত্যাকাণ্ড এমনিতে হয়নি, এর পেছনে অনেকের ষড়যন্ত্র আছে। আর এখন তোতা পাখির মতো করে কথা বলা হচ্ছে। এভাবে মানুষকে বোকা বানানো যাবে না, এ খুনের দায়-দায়িত্ব জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে।”
ভাড়াটিয়া খুনীদের দিয়ে নিরীহ জনগণকে হত্যা করে সরকার সেখানে ভীতির রাজত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন অর্থনীতির এই শিক্ষক।
বাঁশখালীর গণ্ডামারার বড়ঘোনায় ৬০০ একর জমিতে ২০ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের সহায়তায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে এস আলম গ্রুপ।
ভূমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়রা এই বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এস আলম গ্রুপ পুনর্বাসনের সুযোগ না দিয়ে জোর করে জমি অধিগ্রহণ করছে।
বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে গত ৪ এপ্রিল পক্ষের লোক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারী চার জন নিহত হন।
পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি কার্যালয়ে ‘বিপন্ন সুন্দরবন, বাঁশখালী এবং বিপর্যস্ত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা হয়।
ক্ষমতাসীনরা গায়ের জোরে সুন্দরবনে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চক্রান্ত করছে বলে সভায় অভিযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ।
“কয়দিন পরপর সুন্দরবনে আগুন লাগার পেছনে সরকারের চক্রান্ত আছে। তারা বন ধ্বংস করে জমি ফাঁকা করতে চায়, যেন সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানাতে আপত্তি না থাকে।”
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতেই সরকার ‘পরিবেশ বিধ্বংসী’ এই ধরণের কার্যক্রমে হাত দিচ্ছে।
কলামনিস্ট আবুল মকসুদ, বুয়েটের অধ্যাপক আসিফুর রহমান ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
