নাশকতার মামলায় রিমান্ডে হারুণ ইজাহার
নাশকতার মামলায় হেফাজতে ইসলাম নেতা মুফতি হারুণ ইজাহারকে দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চৌধুরী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশ এ মামলায় বুধবার মুফতি হারুণকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল।
দ্বিতীয় দফায় জামিনে মুক্তি পাওয়ার পর কোতোয়ালী থানার একটি মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে মঙ্গলবার ফের গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা হারুণকে।
এর আগে গত বছরের ২০ জানুয়ারি জামিনে ছাড়া পাওয়ার পর নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরদিন নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি হারুণের বাবা ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি ইজাহারের পরিচালিত চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার চারতলা ছাত্রাবাসের তৃতীয় তলার একটি কক্ষে বিষ্ফোরণে তিনজন নিহত হয়।
পরে সেখানে অভিযান চালিয়ে চারটি হ্যান্ড গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিষ্ফোরক উদ্ধার করে পুলিশ।
এঘটনায় পুলিশ খুলশী থানায় হত্যা, বিষ্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে, যেগুলোর প্রত্যেকটিতে মুফতি ইজাহার ও তার ছেলে হারুণকে আসামি করা হয়।
বিষ্ফোরণের দুইদিন পর হাটহাজারি উপজেলার ইছাপুর গ্রামের জানালী চৌধুরী বাড়ি থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ বিন ইজাহারকে এক সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ।
