২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারা ফটক থেকে ফের গ্রেপ্তার মুফতি হারুণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার পর কারা ফটক থেকে ফের গ্রেপ্তার হয়েছেন হেফাজতে ইসলাম নেতা মুফতি হারুণ ইজাহার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 02:49 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

কোতোয়ালি থানা পুলিশ মঙ্গলবার দুপুরে কারাফটক থেকে তাকে গ্রেপ্তার করে। 

এ নিয়ে দ্বিতীয় বার তাকে জামিনের পর কারা ফটক থেকে গ্রেপ্তার করলো পুলিশ। 

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের একটি মামলায় মুফতি হারুণকে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বেলা ১২টার দিকে হারুণকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান।

গতবছর ২০ জানুয়ারি জামিনে ছাড়া পাওয়ার পরও কারাফটক থেকে অন্য মামলায় তাকে গ্রেপ্তার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

হারুণ বিন ইজাহার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আর তার বাবা মুফতি ইজাহারুল ইসলাম ওই সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর।

চট্টগ্রাম নগরীর লালখানবাজারে তার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার ছাত্রাবাসে ২০১৩ সালের ৭ অক্টোবর বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ছাত্রাবাসের দায়িত্বে ছিলেন মুফতি হারুণ নিজে।

পরে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা হ্যান্ডগ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে। সবগুলো মামলাতেই বাবা ও ছেলেকে আসামি করা হয়।

বিস্ফোরণের দুই দিন পর হাটহাজারি উপজেলার ইছাপুর গ্রামের এক বাড়ি থেকে হারুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মতিঝিলে হেফাজতি তাণ্ডব ও লালবাগ থানার অন্য এক মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়।