ফের কারাগারে মুফতি হারুণ
কারা ফটক থেকে গ্রেপ্তারের পরদিন হেফাজত ইসলাম নেতা মুফতি হারুণ ইজাহারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান।
দ্বিতীয় দফায় জামিনে মুক্তি পাওয়ার পর কোতোয়ালি থানার একটি মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা নেতা মুফতি হারুণ ইজাহারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ কর্মকর্তা মিনান বলেন, ২০১২ সালের ১৩ মে লালখান বাজার এলাকায় নাশকতার একটি মামলায় হারুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।
মামলাটিতে নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে হারুণকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য্য করে।
পাশাপাশি একই দিনে আসামিপক্ষের করা জামিন শুনানির দিনও ধার্য্য করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মিনান।
এর আগে গত বছরের ২০ জানুয়ারি জামিনে ছাড়া পাওয়ার পর নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরদিন নাশকতার মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
২০১৩ সালের ৭ অক্টোবর হারুণের বাবা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ইজাহার পরিচালিত চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার চারতলা ছাত্রবাসের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে তিনজন নিহত হয়।
রাতে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা হ্যান্ডগ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
এঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে, যেগুলোর প্রত্যেকটিতে মুফতি ইজাহার ও তার ছেলে হারুণকে আসামি করা হয়।
বিস্ফোরণের দুইদিন পর হাটহাজারী উপজেলার ইছাপুর গ্রামের জানালী চৌধুরী বাড়ি থেকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ বিন ইজাহারকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে মতিঝিলে হেফাজতি তাণ্ডব ও লালবাগ থানার মামলায় ‘যৌথ জিজ্ঞাসাবদ সেলে’ জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
