মা-মেয়ের লাশ: স্বামী-শাশুড়িসহ সাতজন আসামি
চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়েসহ এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী, শাশুড়িসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।
নিহত শেলী শীলের মা মিনতী বালা শীল বুধবার সকালে বোয়ালখালী থানায় এ মামলা করেন বলে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান।
তিনি বলেন, “মামলায় শেলীর স্বামী অসীম শীল, শাশুড়ি সবিতা শীল, দুই ননদ ও তাদের স্বামী এবং সবিতা শীলের ভাইকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।”
শেলীর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনই তাকে হত্যা করেছে।
উপজেলার দক্ষিণ সারোয়াতলী শীল পাড়া থেকে মঙ্গলবার সকালে শেলী শীল ও তার পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ।
অন্তরাকে শ্বাসরোধে হত্যার পর শেলী আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ইংগিত দিলেও পরে আর সে বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ কর্মকর্তারা।
শেলীর স্বামী অসীম চট্টগ্রাম আদালতে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। এই দম্পতির আটমাস বয়সী আরও একটি সন্তান রয়েছে।
শেলীর মামা বিধান শীল বলেন, সাত বছর আগে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তার ভাগ্নিকে মারধর করত।
“আমরা বিভিন্ন সময়ে অসীমকে টাকা দিয়েছি। গতবছর মাঝামাঝি সময়েও সে শেলীকে মারধর করেছিল। তখন আমরা তাকে বাড়ি নিয়ে আসি।”
সে সময় মারধরে শেলীর হাত ভেঙে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ‘আর কখনও মারধর করা হবে না’ এমন মুচলেকা দিয়ে অসীম তার স্ত্রীকে বাড়ি নিয়ে যান বলে জানান বিধান।
তিনি বলেন, “এরপরও মারধর করছিল অসীম। এ নিয়ে শুক্রবার অসীমের সঙ্গে শেলীর বাবার বাড়ির লোকদের বসার কথা ছিল।”
