২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলে পড়া ভবন পরিদর্শনে সিডিএর কমিটি

ভূমিকম্পে হেলে পড়া কয়েকটি ভবন পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গঠিত পাঁচ সদস্যের কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার কমিটির সদস্যরা নগরীর চান্দগাঁও ও বায়েজিদে হেলে পড়া কয়েকটি ভবন পরিদর্শন করেন।

কমিটির সদস্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিন তারা চান্দগাঁও ও বায়েজিদে তিনটি ভবন পরিদর্শন করেছেন।

“চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি ও বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকার দুটি মোট ভবনের বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত দেইনি।

“আগামীকাল অবশিষ্ট ভবনগুলো পরিদর্শন করে করণীয় ঠিক করব।”

গত বুধবার রাত ৮টার ঠিক আগে প্রতিবেশী মিয়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে বন্দরনগরী চট্টগ্রামে একটি শপিং কমপ্লেক্সসহ নয়টি ভবন হেলে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।

পরদিন সিডিএর একটি দল ভবনগুলো পরিদর্শন করে হালিশহরের দুটি ভবনের অননুমোদিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। এছাড়া ওয়াসার মোড় ও এনায়েত বাজার এলাকার দুইটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে।

হেলে পড়া ভবনগুলোর ঝুঁকি নিরূপনে রোববার চুয়েটের সাবেক উপাচার্য জাহাঙ্গীর আলমকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করে সিডিএ।

পুরনো খবর:

হেলে পড়া ভবনগুলোর ঝুঁকির মাত্রা নির্ধারণে কমিটি