২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলে পড়া ভবনগুলোর ঝুঁকির মাত্রা নির্ধারণে কমিটি

ভূমিককম্পে চট্টগ্রামে হেলে পড়া নয়টি ভবনের ঝুঁকির মাত্র নির্ধারণ করতে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষককে নিয়ে কমিটি করা হয় বলে সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান জানিয়েছেন।

শাহীনুলসহ কমিটির অন্য সদস্যরা হলেন- চুয়েটের সাবেক উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আব্দুর রহমান ভূঁইয়া, সিডিএর অথরাইজড অফিসার-১ মো. ইলিয়াছ ও অথরাইজড অফিসার-২ মো. শামীম।

গত বুধবার বুধবার রাত ৮টার ঠিক আগে প্রতিবেশী মিয়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে বন্দরনগরী চট্টগ্রামে একটি শপিং কমপ্লেক্সসহ নয়টি ভবন হেলে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।

পরদিন সিডিএর একটি দল ভবনগুলো পরিদর্শন করে হালিশহরের দুটি ভবনের অননুমোদিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। এছাড়া ওয়াসার মোড় ও এনায়েত বাজার এলাকার দুইটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহীনুল ইসলাম খান বলেন, “আমরা প্রাথমিকভাবে হেলেপড়া ভবনগুলো পরিদর্শন করেছি। এখন এগুলোর টেকনিক্যাল অ্যাসেসমেন্ট হবে।”