রাউজানে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবহার: বিএনপি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাউজানে প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকদের জিম্মি করে রিটার্নিং অফিসারকে দিয়ে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
বিএনপি নেতাদের দাবি, রাউজান উপজেলার ১৪ ইউনিয়নের ১১টিতে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান বলেন, রাউজানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকদের অস্ত্রের মুখে জিম্মি করে ‘কোন ব্যক্তির মনোনয়ন পত্রে স্বাক্ষর করিনি’ মর্মে আবেদন পত্রে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে।
“পরে তা রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়। রিটার্নিং অফিসার সেই ভিত্তিতে ১৪ ইউনিয়নের মধ্যে ১১ টিতে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে।”
অবশিষ্ট তিন ইউনিয়নে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে হাসান বলেন, “প্রশাসন থেকে আমাদের কাছে ১৮ এপ্রিল পর্যন্ত সময় চাওয়া হয়েছে। এরমধ্যে ওই তিন ইউনিয়নে নির্বাচন পূর্ববর্তী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
“পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিবেশ অনকূলে থাকলে ওই তিন ইউনিয়নে আমরা নির্বাচনে যাব।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সভাপতি দিদারুল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজ আহমদ ও রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ।
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে ৭ মে নির্বাচনের দিন ধার্য আছে।
এরমধ্যে বিনাজুরী, নওয়াজেশপুর ও নোয়াপাড়া এই তিন ইউনিয়নের এখনও বিএনপির প্রার্থী আছে।
বিএনপির প্রার্থিতা বাতিল হওয়া ইউপিগুলো হচ্ছে- বাগোয়ান, হলদিয়া, চিকদাইর, কদলপুর, পশ্চিম গুজরা, উড়কির চর, ডাবুয়া, রাউজান, পাহাড়তলি, পূর্ব গুজরা ও গহিরা।
