২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন না দিয়ে লাপাত্তা গার্মেন্ট মালিক, বিক্ষোভে শ্রমিকরা

বেতন না দিয়ে কারখানা বন্ধের প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন চট্টগ্রামের একটি পোশাক কারখানার দেড় শতাধিক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 06:29 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

রোববার সকাল ১০টা থেকে এক ঘণ্টা নগরীর আন্দরকিল্লা এলাকার নজির আহমদ সড়ক আটকে বিক্ষোভ করেন তাকওয়া এপারেলসের শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ দুই মাসের বেতন বকেয়া রেখে এক সপ্তাহ আগে কারখানায় তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেছেন মালিক মো. কবির।

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাঁচতলা ভবনের তিনতলায় তাকওয়া এপারেলসের কারখানা ও দ্বিতীয় তলায় এর কার্যালয়।

দ্বিতীয় থেকে তৃতীয় তলায় উঠার সিঁড়ি তালাবন্ধ। আর কার্যালয় দখলে নিয়ে পাহাড়া দিচ্ছেন প্রায় দেড়শ শ্রমিক।

কারখানার মান নিয়ন্ত্রক সমীর কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতন পরিশোধে শ্রমিকদের সঙ্গে স্থানীয় কাউন্সিলর, মালিক ও পুলিশের বেশ কয়েকবার বৈঠক হয়েছে।

“তিনবার সময় দেওয়ার পর এক সপ্তাহ আগে মালিকের লোকজন কারখানায় তালা লাগিয়ে দেয়।”

এক সপ্তাহ ধরে শ্রমিকরা পালা করে কারখানা পাহাড়া দিচ্ছেন বলে জানিয়ে সমীর বলেন, “এজন্য মালিকের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের হুমকি দিচ্ছে।”

শ্রমিকদের বিক্ষোভের এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শান্ত করেন স্থানীয় কাউন্সিলর জওহর লাল হাজারী।

তিনি বলেন, “কারখানায় প্রায় দেড়শ শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তাই তারা সড়কে নেমে এসেছিল। বিক্ষুব্ধ শ্রমিকদের আমরা শান্ত করে রাস্তা থেকে সরিয়ে নিয়েছি।

“পুলিশের উপস্থিতিতে আমরা গেটের তালা ভেঙ্গে কারখানার মালামালের একটা লিস্ট করেছি। শ্রমিকদের বেতন দিতে মালিক অপারগ হলে সেগুলো বিক্রি করে বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।”

কারখানার মালিক কবিরকে খোঁজা হচ্ছে বলে কোতোয়ালি থানার পরিদর্শক নুর মোহাম্মদ জানিয়েছেন।