কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত চারজন।
নিহত আজিজুল হক (৩০) ঢাকার মিরপুরের ফজলুল হকের ছেলে।
হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজিজুলরা নয় বন্ধু মিলে ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।
“সকাল সাড়ে ৬টার দিকে হাছানদণ্ডী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুল ঘটনাস্থলেই নিহত হন।”
দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, তাদের স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই কভার্ডভ্যানটির চালক তার বাহন নিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি।
