মোড়কে ভুয়া ঠিকানা, আইসক্রিম কারখানা সিলগালা
আইসক্রিমের কাপে ঠিকানা লেখা ফ্রেশকো আইসক্রিম ফ্যাক্টরি, কোটাপাড়া বাজার, শরীয়তপুর; সেই আইসক্রিম তৈরি হচ্ছে চট্টগ্রামের বাকলিয়া থানার এলাকার ‘কর্ণফুলী আইসবার’ নামের কারখানায়।
শনিবার সকালে বাকলিয়ার কর্ণফুলী কানেক্টিং সড়কের কাছে রাজাখালী এলাকায় অভিযানে গিয়ে বিষয়টির প্রমাণ পান চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কারখানার মালিক। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে সেখানে পাওয়া আইসক্রিম ধ্বংস করেছে।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, “কারখানায় গিয়ে দেখতে পাই ইগলু কোম্পানির পোলার আইসক্রিমের মতো কাপ আইসক্রিম বানানো হয়েছে। তাতে লেখা ফ্রেশকো আইসক্রিম ফ্যাক্টরি, কোটাপাড়া বাজার, শরীয়তপুর।
“কখনো পোলার আবার কখনো ফ্রেশকো নামে এসব আইসক্রিম বিক্রি করা হয়। আইসক্রিম তৈরিতে এরারুট, কনডেন্সড মিল্ক ও চিনি ব্যবহার করা হয়।”
