২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি হিলে বর্ষবিদায়-বর্ষবরণ আয়োজনে সহযোগী গ্রামীণফোন

নগরীর ডিসি হিলে হতে যাওয়া দুই দিনব্যাপী বৈশাখি উৎসবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:41 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্রামীণফোন চট্টগ্রাম সার্কেল প্রধান এম শাওন আজাদা।

শাওন আজাদ বলেন, বর্ষবরণ ও বর্ষবিদায় ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির অন্যতম প্রাণের উৎসব। গ্রামীণফোন এমন একটা উৎসবের সাথে থাকতে পেরে গর্বিত।

বর্ষবরণ ও বর্ষবিদায়- এ দুদিনের অনুষ্ঠানে গ্রামীণফোন পৃষ্ঠপোষকতা দেবে জানিয়ে তিনি বলেন, ডিসি হিলের বর্ষবরণ ও বর্ষবিদায়ের অনুষ্ঠান চট্টগ্রামের প্রথম সুসংগঠিত অনুষ্ঠান। বরাবরের মত চট্টগ্রামের মানুষের এ অনুষ্ঠান নিয়ে আগ্রহ ও উদ্দীপনা থাকে।

“আমাদের নিরলস প্রচেষ্টা থাকবে অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করে আরও বেশি মানুষের অংশগ্রহণ বাড়ানো ও সবার কাছে বাঙালিয়ানার বার্তা পৌঁছে দেওয়া”।

এবার পহেলা বৈশাখে ডিসি হিলের উৎসবে তিন গুণীজনকেও সম্মাননা দেওয়া হবে বলে জানান শাওন আজাদ।

এবারে সম্মাননা পাবেন সাহিত্যে হরিশংকার জলদাস, সঙ্গীতে শিল্পী ও শিক্ষক শিলা মোমেন এবং মঞ্চের আলো-ছায়ার কারিগর তপন ভট্টাচার্য।

বুধবার র্বষবিদায়ের অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

রাগ সঙ্গীতে নতুন বছরকে আহ্বানের মাধ্যমে বৃহস্পতিবার বর্ষবরণের প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুরু হবে ভোর ৬টায়। আর দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকাল ৩টায়।

দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে থাকবে উদ্বোধনী সঙ্গীত, চিরায়ত বাংলা গান, দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, নাটক, লালনগীতি, লোকগান, মুকাভিনয় ও যাদু প্রদর্শনী।