২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ রেস্তোরাঁর জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ সনদসহ নানা অভিযোগে চট্টগ্রাম নগরীতে পাঁচটি রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 07:22 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে দামপাড়া টিএমটি ডেইলি নিডস নামে একটি রেস্তোরাঁকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আব্দুল্লাহ আল মনসুর বলেন, তাদের রেস্তোরাঁর লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। এছাড়া অভিযানে গিয়ে দেখতে পাই পরোটা তৈরির খামির উপর সদ্য কাটা মুরগির উচ্ছিষ্ট রাখা।

“রান্নার স্থান অপরিচ্ছন্ন এবং একই ফ্রিজে মুরগি-গরুর মাংস, কাটা সবজি ও মসলা রাখা।”

অভিযানে নগরীর আন্দরকিল্লা চৌরঙ্গী হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোমিন রোডের দস্তগীর হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় এবং অপরিচ্ছন্ন পোড়া তেল দিয়ে খাবার প্রস্তুত করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে আন্দরকিল্লার নিউ মদিনা হোটেল ও মোমিন রোডের ক্যাফে কদম হোটেলের লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।