২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার আড়াই বছরের শিশু

চট্টগ্রাম থেকে অপহরণের ১৬ ঘণ্টা পর কক্সবাজার থেকে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 11:27 AM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার ভোরে কক্সবাজার জেলার ঈদগাঁ মাইজপাড়া এলাকার একটি বাড়ি থেকে জান্নাতুল মাওয়া তাহি নামের ওই শিশুকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ এক তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- জাহেদ হোসেন বাপ্পা (২৫), মনজুর আলম (৪৫) ও সুমি আক্তার (২২)।

বন্দর থানার এসআই সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাহি দক্ষিণ-মধ্যম হালিশহর মাইজপাড়া এলাকার আবু সাহেদের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে এসআই সঞ্জয় বলেন, “সোমবার দুপুরে বাসার সামনে থেকে তাহিকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী জাহেদ হোসেন বাপ্পা।শিশুটিকে সে কক্সবাজার নিয়ে গিয়ে তার প্রেমিকা সুমির কাছে রেখে রাতে চট্টগ্রামের বাড়িতে ফিরে আসে।”

এদিকে সোমবার বিকালে অপরিচিত একটি নম্বর থেকে তাহির বাবাকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই টাকা মঙ্গলবার সকালে চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় নিয়ে যেতে বলা হয়।

বিষয়টি থানায় জানানো হলে ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে রাতে জাহেদকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের ঈদগাঁ থেকে সুমিকে গ্রেপ্তার করা হয়। সুমির দেওয়া তথ্যে তার প্রতিবেশী মনজুর আলমের বাড়ি থেকে তাহিকে উদ্ধার করা হয় বলে এস আই সঞ্জয় জানান।

তিনি বলেন, সুমিই মুক্তিপণ চেয়ে তাহির বাবা আবু সাহেদকে ফোন করেছিলেন। আর মনজুর আলম তার দূর সম্পর্কের চাচা।