২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া আদায়ে ৮ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর মামলা

সাড়ে ১৩ লাখ টাকা বকেয়া আদায়ে চট্টগ্রাম নগরীতে আট গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার নগরীর পাথরঘাটা এলাকায় পিডিবি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন পিডিবি’র জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন।

সোমবার পিডিবি’র জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, নগরীর পাথরঘাটা এলাকার ফিরিঙ্গি বাজার, আশরাফ আলী সড়ক, আছাদগঞ্জ, কাজেম আলী সড়ক ও ঈশ্বর নন্দী লেন এলাকায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আট খেলাপীর সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়।

এসময় কাজেম আলী সড়কের দিদারুল হক কাজেমী ওরফে কিরিচ বাবুলকে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।