সোহেল হত্যা: সংর্ঘষে পণ্ড মেয়রপন্থি ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ সোহেল হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একাংশের ডাকা সমাবেশ নিজেদের মধ্যে সংঘর্ষে পণ্ড হয়ে গেছে।
শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের মেয়রপন্থি অংশের আয়োজনে এ সমাবেশে অতিথিদের বক্তব্যের মধ্যেই নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি থেকে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে বেশ কয়েকজনকে মারধর করার পাশাপাশি দুইটি ফাঁকা গুলি ছোড়ার শব্দও শোনা যায়।
কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশে সংঘর্ষ শুরু হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে নেতাকর্মীদের সরিয়ে দেয়।
এ ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে জানালেও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি করা নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
নিহত সোহেল মেয়রপন্থি অংশের নেতা ছিলেন। তার হত্যার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে মেয়র নাছিরের যোগ দেওয়ার কথা থাকলেও সমাবেশ পণ্ড হওয়ায় তিনি ঘটনাস্থলে আসেন নি।
সংর্ঘষের এক পর্যায়ে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনি সবাইকে শান্ত করে বক্তব্য শুরু করলেও উত্তেজনা চলতে থাকে।
এসময় হাসান মাহমুদ হাসনি বলেন, ছাত্রলীগকর্মী সোহেল হত্যার বিচার দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করলেও একদল দুষ্কৃতিকারী আমাদের প্রতিবাদকে দমাতে এখানে বিশৃঙ্খলা করছে। বিশৃঙ্খলা না করে সবাই শান্ত হয়ে বসুন।
সংঘর্ষ থামাতে পুলিশ সবাইকে সরিয়ে দিলে সমাবেশ পণ্ড হয়ে যায়।
সমাবেশে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে আহত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২৫ নম্বর ওয়ার্ডের মো. রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে গুলির আওয়াজে ভীত হয়ে সবাই ছোটাছুটি শুরু করল।
“আমি একপাশে দাঁড়িয়ে ছিলাম, ধাক্কা লেগে পড়ে আমার হাত-পা ও প্যান্ট ছিড়ে গেছে।”
এ বিষয়ে মেয়রপপন্থি ছাত্রলীগের কয়েকজন নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।
