সরকারি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দোকান বন্ধ
সরকারি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার একটি দোকান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ওই এলাকার মেম গলির ‘আর কে ফার্মেসিতে’ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে সরকারি ওষুধ ও ইনঞ্জেকশন বিক্রির প্রমাণ পেয়েছি।
“এছাড়া ওই ফার্মেসিতে এক বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে এমন ওষুধও মিলেছে। কিছু ওষুধের প্যাকেটে কোনো মেয়াদ বা উৎপাদনের তারিখও লেখা নেই।”
ওষুধ বিক্রির জন্য কোনো সনদও দোকান মালিক রিপন দেখাতে পারেননি।
এসব অনিয়মের জন্য তাকে ২০ হাজার টাকা জরিমানা করে ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান রুহুল আমিন।
