২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী শুক্রবার

চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী হতে যাচ্ছে আগামী শুক্রবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 07:53 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন পরিষদ এই আয়োজন করছে বলে বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সম্মেলনের লিখিত বক্তব্যে পুনর্মিলনী ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সাবেক জেলা পিপি আবুল হাশেম বলেন, “১৮৬৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজ এ অঞ্চলের এক ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী শিক্ষা প্রতিষ্ঠান।

“দেশের শিক্ষায়, চেতনায়, আদর্শে, সাহিত্যে ও সংস্কৃতিতে অতুলনীয় অবদান রেখে চলেছে। অতীতের স্মৃতিময় দিনগুলোকে স্মরণ করতেই এ আয়োজন।”

আগের পুর্নমিলনীর আট বছর পর এবারের পুনর্মিলনী আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম এলাকা থেকে র‌্যালির মাধ্যমে দিনব্যাপী পুনর্মিলনীর আয়োজন শুরু হবে।

সকাল সোয়া ১০টা থেকে ১২টা পর্যন্ত থাকবে ‘আড্ডায় আড্ডায় সম্প্রীতি’। এরপর সেশনভিত্তিক ফটোসেশন। বিকালে ‘সম্প্রীতির সেতুবন্ধন’ নামে আলোচনা অনুষ্ঠান।

কলেজের সাবেক শিক্ষার্থীদের সন্তানদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রজন্ম-সম্প্রীতির নবঠিকানা’ পর্ব। সন্ধ্যায় প্রয়াত সর্তীথদের স্মরণে ‘মরণেও স্মরণীয় যারা’। এছাড়াও থাকবে ‘নাচে গানে সম্প্রীতি’ নামে একটি পর্ব।

এবারের পুনর্মিলনীতে আড়াই হাজার সাবেক শিক্ষার্থী অংশ নেবেন।

পুর্নমিলনী উপলক্ষে ‘আজিকে এ আকাশ তলে’ নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ হাসিনা জাকারিয়া, এ কে এম নুরুল আলম, আলী মনসুর, রফিকুল হাসান মিমু, বেলায়েত হোসেন, তাহের আহমেদ, আকতার রহিম চৌধুরী, অধ্যাপক নিশাত হাসিনা শিরিন, খুরশিদ রোকেয়া, মো. ওসমান গণি, ইকবাল হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।