২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার উপাচার্যের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বন্ধ চায় শিক্ষার্থীরা

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছিম আহমদ সোহেলের হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 08:59 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

মঙ্গলবার নগরীর হাজারীগলিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

মানববন্ধনের পর শিক্ষার্থীদের একটি মিছিল নগরীর সিনেমা প্যালেস হতে আন্দরকিল্লা ঘুরে হাজারীগলির ক্যাম্পাসে এসে ওই সমাবেশ করে।

এই কর্মসূচির সংগঠক নিশাত চৌধুরী সমাবেশে বলেন, সোহেলের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আর এ ঘটনাকে কেন্দ্র করে একুশে পদকপ্রাপ্ত স্বনামখ্যাত উপাচার্য ড. অনুপম সেন স্যারের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে- সেটিও বন্ধ করতে হবে।

উপাচার্যের বিরুদ্ধে এ চক্রান্ত ও মিথ্যাচার বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও সোহেল হত্যায় জড়িতদের গ্রেপ্তারে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে সাখাওয়াত পেয়ারু, আজম আলী চৌধুরী জুয়েল, নূরজাহান বুশরা, সৌরভ আলম ও শারমিন আক্তার তানিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন। 

হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানান বক্তারা।

সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত মহিউদ্দিন চৌধুরী

এদিকে প্রিমিয়ারে শিক্ষার পরিবেশ রক্ষায় প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।

মঙ্গলবার নগর আওয়ামী লীগের এই সভাপতির পক্ষে তার একান্ত সচিব মুহাম্মদ ওসমান গণি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে চট্টগ্রাম সিটির সাবেক এই মেয়র বলেন, সোহেলের মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল পুরো নগরকে জিম্মি করতে চেয়েছে, চেয়েছে প্রিমিয়ারের ভাবমূর্তিতে কালিমা লেপন করতে।

“প্রিমিয়ার চট্টগ্রামবাসীর ভালোবাসার উজ্বল সূর্য সন্তান। কোনো ষড়যন্ত্রে সে সূর্য একদিনের জন্যও অস্তমিত হবে না।”

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রামে ‘জ্ঞানের বাতিঘর’ অভিহিত করে মহিউদ্দিন বলেন, “সে ঘরের পবিত্রতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ ও আইনগত পদক্ষেপ নিতে পিছপা হব না।”

গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে বিদায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষে ছুরিকাঘাতে মারা যান এমবিএর ছাত্র নগর ছাত্রলীগের নেতা সোহেল।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজন সোহেলের সহপাঠী। সোহেলকে ছুরিকাঘাতকারী মো. ইব্রাহিম সোহানও একই অনুষদের শিক্ষার্থী।

সোহেল খুন হওয়ার পর রোববার পর্যন্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সোমবার থেকে ওয়াসা মোড়ের বিবিএ অনুষদ ছাড়া নগরীর অন্যান্য স্থানে অবস্থিত বাকি অনুষদগুলোয় ক্লাস শুরু হয়েছে।

বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষানুকূল পরিবেশের বিষয়ে অভিভাবকদের আশ্বস্ত করেন।

“আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছি। ক্লাস ও প্রশাসনিক কাজকর্ম পুরোদমে চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না।”

হত্যাকাণ্ডের তদন্ত ও পরিকল্পিত ধ্বংযজ্ঞের অ্যাসেসম্যান্টের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাস (ব্যবসা অনুষদ) আরও কয়েকদিন পর খুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।