খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানার প্রতিবাদ চট্টগ্রামে
‘মামলা দিয়ে’ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও বিএনপি চেয়ারপার্সন সরকারের সাথে আপোষ করবে না বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
সোমবার বিকালে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শাহাদাত হোসেন বলেন, “বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র চট্টলাবাসী রুখে দিতে প্রস্তুত আছে।
“এক-এগারোর সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু তিনি মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সাথে আপোষ করেননি।”
“দেশ এখন খুন, গুম, নৈরাজ্য আর দুর্নীতির অভয়ারণ্য। স্বৈরাচারী কায়দায় ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার থাকার যে স্বপ্ন সরকার দেখছে তা সফল হবে না”
জনগণের রোষানলে এ সরকারকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন শাহাদাত।
নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেত্রী রোজি কবির এবঙ নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বক্তব্য রাখেন।
