ইন্দোনেশিয়ায় নৌ মহড়ায় যাচ্ছে যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’
আন্তজার্তিক নৌ মহড়ায় অংশ নিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।
ইন্দোনেশিয়ার পেদাংয়ে হতে যাওয়া সাত দিনব্যাপী বহুজাতিক এই মহড়ায় অংশ নিতে সোমবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে জাহাজটি।
আগামী ১১ এপ্রিল থেকে এ মহড়া শুরু হয়ে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে নৌ বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ইন্দোনেশিয়ার পেদাং দ্বীপে ১৫তম ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম, দ্বিতীয় বহুজাতিক নৌ মহড়া (কমাডো) ও ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিওয়েতে অংশ নেবে বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।
বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২১ টি দেশের যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নিচ্ছে।
এছাড়া অংশ নেওয়া দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, সমর বিশারদ ও পর্যবেক্ষকরা সিম্পোজিয়ামে অংশ নেবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে কমোডর বশির উদ্দিন আহমদের নেতৃত্বে ৩৯ জন নৌ কর্মকর্তা ও ২০৩ জন নৌ সদস্য এ মহড়ায় অংশ নিচ্ছেন।
দক্ষিণ এশিয়ার নৌ বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও দুর্যোগে সহযোগিতার অংশ হিসেবে জন্য এ মহড়ার আয়োজন করে ইন্দোনেশিয়ায়।
