২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নতুন সিএনজির নিবন্ধনের দাবি

সিএনজি চালিত অটোরিকশার নিবন্ধন দেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে অটোরিকশা চালক-মালিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

রোববার নগরীর ডিসি হিল থেকে মিছিল করে সিটি করপোরেশন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে চালক-মালিকদের কয়েকটি সংগঠন।

বিক্ষোভে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো, ফোরস্ট্রোক ও সিএনজি মালিক সমিতি, চট্টগ্রাম সিএনজি বেবিটেক্সি মালিক কল্যাণ সমিতি, বন্দর নগরী চট্টগ্রাম থ্রি-হুইলার বেবি টেক্সি মালিক সমিতি ও চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন।

সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ২০১৩ সালের এপ্রিলে মন্ত্রিপরিষদের এক বৈঠকে ঢাকার জন্য পাঁচ হাজার ও চট্টগ্রামের জন্য চার হাজার নতুন গাড়ির নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও নিবন্ধন দেওয়া বন্ধ আছে।

তিনি আরও বলেন, নতুন গাড়ির নিবন্ধন না দিতে পুরনো সিএনজি গাড়ির মালিকদের সংগঠন একটি রিট করেছিল। রিট খারিজ হয়ে গেলেও নতুন গাড়ির নিবন্ধন দেওয়া হচ্ছে না।

নতুন সিএনজি অটোরিকশা কিনে চালক-মালিকরা ২০৯ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করেছে দাবি করে শ্রমিক নেতা মৃণাল চৌধুরী বলেন, “বিআরটিএ’র আশ্বাসে সবাই গাড়ি কিনেছে। এ খাতে বিনিয়োগ হলেও সেটার কোন বেনিফিট পাচ্ছে না মালিক-চালকরা।”

সমাবেশ শেষে নিবন্ধন না দেওয়া পর্যন্ত নতুন অটোরিকশা সড়কে চলাচলের অনুমতি দেওয়াসহ পাঁচ দফা দাবিতে সিটি মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতারা।

স্মারকলিপি গ্রহণ করে সিটি মেয়র এসময় মেয়র এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে সড়কে চাঁদাবাজি ও অনুমোদিত যান চলাচল বন্ধ করতে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরের সহায়তা চেয়েছেন পরিবহন মালিকদের একটি সংগঠন।

রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) কার্যালয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ সিটি মেয়রের সঙ্গে বৈঠক করে এই সহযোগিতা চান।

শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি, বিআরটিএ কার্যালয়ে দালালের দৌরাত্ম বন্ধ ও রিকুজিশনের নামে পুলিশি হয়রানি বন্ধের সহায়তা চান তারা।

এছাড়াও যান চলাচল স্বাভাবিক করতে রাস্তায় অননুমোদিত যান চলাচল বন্ধ ও হকার সরানোর দাবিতে স্মারকলিপি দেয় সংগঠনটির নেতারা।

এসময় মেয়র অঅ জ ম নাছির উদ্দিন বিষয়গুলো সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।

সভায় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) মাসুদুল হাসান, বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক শহিদ উল্লাহ।