পালানোর সময় ৩ ছিনতাইকারী আটক
ছিনতাই করে পালানোর সময় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে আটক ওই যুবকরা হলেন- আজম খান (২৩), নাজিম (২১), মোরশেদ আলম (২১)।
তারা হাটহাজারি উপজেলার ঘরদুয়ারা ইউনিয়নের বাসিন্দা।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির মোবাইল ফোন, ক্যামেরা ও টাকা ছিনতাই করে তিনজন।
“এসময় এক ট্রাকচালকের কাছ থেকে খবর পেয়ে তিন যুবককে ধাওয়া করে টহল পুলিশ। পরে বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় তল্লাসি চৌকিতে তাদের আটক করা হয়।”
তিনজনের কাছে ছিনতাই করা মালামাল ছাড়াও একটি ছুরি ও চাপাতি পাওয়া যায় বলে জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি মহসিন জানান, তারা নগরীতে অটোরিকশা চালায় আর রাতে আজম খানের নেতৃত্বে মোটর সাইকেল নিয়ে ছিনতাই করে বেড়ায়।
“আটকরা জানিয়েছে, মূলত রাতে মূলত দূরপাল্লার বাস থেকে নামা যাত্রীদের টার্গেট করে ছিনতাই করে তারা। আজম আগে সাইফুল নামে একজনের সঙ্গে অটোরিকশা নিয়ে নগরীতে ছিনতাই করলেও এখন নাজিম ও মোরশেদকে নিয়ে দল তৈরি করেছে।”
দুই মাস আগে ৭৫ হাজার টাকায় কেনা একটি মোটর সাইকেলে করে দুই সহযোগীকে নিয়ে আজম ছিনতাই কাজ চালিয়ে আসছিল বলে জানান ওসি।
