২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের দেওয়ানহাটে স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 03:26 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দিদারুল আলম নামে ওই ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে জানান ডবলমুরিং থানার ওসি বশির আহমদ খান।

শনিবার বেলা ১২টার দিকে দেওয়ানট সংলগ্ন আকবর শাহ মাজারের পেছনে নিজ বাসায় খুন হন গৃহবধু জিন্নাত ফেরদৌস পপি (২৩)। তার বাড়ি কুমিল্লায়।

ওসি বশির বলেন, “স্থানীয়রা বলেছেন, স্বামী দিদারের সঙ্গে স্ত্রী জিন্নাতের দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহ চলছিল। নিজ ঘরেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী।”

পুলিশ ঘটনাস্থল থেকেই দিদারকে গ্রেপ্তার করে।

ওসি বশির জানান, প্রায় সাত বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দিদারের স্থায়ী কোনো পেশা নেই। কখনো সে রিকশা চালাতো, আবার কখনও বিয়ে বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করে।  দিদার নেশাগ্রস্ত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

“শুরুতে বটি দিয়ে কুপিয়ে এবং পরে লোহার রড দিয়ে মাথায় ও মুখে আঘাত করে পপিকে হত্যা করা হয়।”

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে পপি কুমিল্লার বাবার বাড়িতে গিয়েছিল। শুক্রবার রাতে তিনি বাবার বাড়ি থেকে ফেরেন।

বেলা সাড়ে ১১টার দিকে দিদার এবং পপির মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় ঘরের দরজা বন্ধ ছিল। বেলা ১২টার দিকে দিদার তার স্ত্রীকে গুরুতর আঘাত করে মেরে ফেলে।

ওসি বলেন, “আমরা ঘটনাস্থলে যাওয়ার পর দিদার দরজা খুলে বেরিয়ে আসে।”