২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বচ্ছল ৩০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ‘প্রগতির যাত্রী’

চট্টগ্রামে অস্বচ্ছল পরিবারের ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ‘প্রগতির যাত্রী’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 09:14 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

শুক্রবার নগরীর প্রবর্তক বিদ্যাপীঠে একটি আনুষ্ঠানে তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “মানবিক শিক্ষাই প্রকৃত শিক্ষা। ছাত্র সমাজকে মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।”

এজন্য পরিবার ও সমাজে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রামের উপাচার্য ইরশাদ কামাল খান বলেন, “মানবিক শিক্ষাহীন শিক্ষার্থী একটি মানবিক দেশ গড়ে তুলতে অক্ষম। তাই সবার প্রথাগত শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষা নিতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক এন এইচ এম আবু বকর, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, অধ্যাপক অশোক সাহা, প্রকৌশলী রথীন সেন, প্রকৌশলী প্রকাশ ঘোষ, নাজিম মুরাদ ও শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, সাংবাদিক বালাগাত উল্ল্যাহ, ডা. নিশীথ রঞ্জন দে, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, অধ্যাপক সুকুমার চৌধুরী বক্তব্য রাখেন।

‘প্রগতির যাত্রী’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি উৎপল দত্ত ও মো. আতিক।