‘সাংবাদিকতা সৃষ্টিশীল সাহিত্যের শত্রু’
চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করা মোহাম্মদ ইউসুফ মনে করেন এ পেশা সৃষ্টিশীল সাহিত্য রচনায় প্রতিবন্ধকতা।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ‘আমার জীবন, আমার সাংবাদিকতা’ শীর্ষক অনুষ্ঠানে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ ইউসুফ বলেন, শৈশবে সংবাদপত্রে বিভিন্ন সাংবাদিকের লেখা পড়েই এ কাজ করতে আসা। কিন্তু অনেক ভালো সাংবাদিকই সৃষ্টিশীলতার জগতে ভালো কাজ রেখে যেতে পারেননি। সংবাদপত্র সৃষ্টিশীলতার শত্রু।
আর্নেস্ট হেমিংওয়েকে উদ্ধৃত করে ইউসুফ বলেন, “তিনি বলেছিলেন- সংবাদপত্র সাহিত্যের কবর রচনা করে। তাই সাহিত্য সৃষ্টি শুরু করেই তিনি সংবাদপত্রের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন।
“আনন্দবাজার পত্রিকার সত্যেন মজুমদার খুব ভালো কলাম লিখতেন। কিন্তু সাহিত্যের জগতে তিনি উল্লেখযোগ্য কিছু রেখে যাননি। আবদুল গাফফার চৌধুরীর কলাম মানুষের খুব প্রিয়। একুশের গান ও কিছু গল্প ছাড়া তিনিও বেশি সৃষ্টিশীল সাহিত্য রচনা করেননি।”
১৯৬০ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীতে সাংবাদিকতা শুরু করা মোহাম্মদ ইউসুফ গত এক দশকেরও বেশি সময় ধরে অবসর জীবন যাপন করছেন।
তিনি বলেন, “সংবাদপত্র একটি সমন্বিত প্রয়াস। সংবাদমনস্কতা, কলাম, প্রচার, বিজ্ঞাপন ও ব্যবস্থাপনার সমন্বয়েই একটি ভাল সংবাদপত্র হয়। ভালো ব্যবস্থাপনার কাগজ চট্টগ্রামে এখনও দেখি না।”
নবীনদের তিনি একাধিক ভাষা শিখতে এবং প্রচুর বই পড়ার পরামর্শ দেন।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক-প্রাবন্ধিক আবুল মোমেন বলেন, সংবাদপত্র এক যুগ পার হয়ে এখন অন্য যুগে যাচ্ছে। যে যুগ সমাপ্ত হতে চলেছে তার অন্যতম কাণ্ডারি মোহাম্মদ ইউসুফ।
উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় দৈনিক আজাদীতে মোহাম্মদ ইউসুফের সাংবাদিকতা শুরু।
এরপর তিনি দৈনিক জমানা, দৈনিক আজাদ, দৈনিক ইনসাফ, রাজশাহী বেতার, দৈনিক সংবাদ, দৈনিক দেশ এবং আবার দৈনিক আজাদীতে কাজ করেন।
অনুষ্ঠানে প্রচারিত প্রামাণ্য চিত্রে সাংবাদিক মোহাম্মদ ইউসুফের বিষয়ে কথা বলেন তার সহকর্মী আবদুল গাফফার চৌধুরী, কামাল লোহানী, সাংবাদিক সিদ্দিক আহমেদ ও নাসিরুদ্দিন চৌধুরী।
মোহাম্মদ ইউসুফ খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি ছিলেন।
মত বিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সভাপতি এজাজ ইউসুফী, এম নাসিরুল হক, রাশেদ রউফ, হেলাল উদ্দিন চৌধুরী এবং মোহাম্মদ ইউসুফের জামাতা সাংবাদিক নজরুল কবীর বক্তব্য রাখেন।
