রূপকল্প ২০৪১: ব্যবসায়িক চ্যালেঞ্জ নিয়ে চট্টগ্রামে গোলটেবিল
শিল্পখাতের প্রসারে জ্বালানি সমস্যার সমাধান ও অবকাঠামো নির্মাণে সুদূরপ্রসারী পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়েছে চট্টগ্রামের এক গোলটেবিল বৈঠক থেকে।
সোমবার নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (জেসিআই) আয়োজিত এই বৈঠকে বক্তারা আঞ্চলিকতার দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে অঞ্চলভিত্তিক অবকাঠামো ও বিনিয়োগের ওপর জোর দেন।
‘ভিশন ২০৪১, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়িক সক্ষমতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় বক্তারা ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার সরকার ঘোষিত রূপকল্প বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা দরকার বলেও মত প্রকাশ করা হয়।
বৈঠকে অর্থনীতিবিদ অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, “পণ্য উৎপাদনের মাধ্যমে শিল্পখাতে এগিয়ে যাওয়া সহজ- যদি জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন যথাযথ হয়। কিন্তু রাতারাতি সমস্যা সমাধানের চেষ্টা পরিবেশের সাথে সাংঘর্ষিক হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।”
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনায় সরকারের নেওয়া ‘বেশ কিছু প্রকল্প পরিবেশের সাথে খাপ খায় না’ মন্তব্য করে এসব প্রকল্পকে সুষম উন্নয়নের পরিপন্থি বলে আখ্যায়িত করেন তিনি।
ভূ-রাজনৈতিক কারণে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন পরিকল্পনা আটকে আছে মন্তব্য করে সিকান্দার খান বলেন, “আমাদের অনেক বন্ধু দেশও নিজেদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশের প্রাধান্য দিচ্ছে না।”
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, “বাংলাদেশ আরএমজি খাতে বিপ্লব ঘটেছে। আমাদের ওষুধ এখন রপ্তানি হচ্ছে ইউরোপের দেশগুলোতে। চামড়া, সিরামিক, জাহাজসহ রপ্তানি পণ্যের সংখ্যাও বাড়ছে।”
রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন সম্ভব মন্তব্য করে তিনি বলেন, “এজন্য ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। এজন্য আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নও জরুরি।”
যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় ব্যবসায়িক হাব চট্টগ্রাম হওয়া সত্ত্বেও অনেক ব্যবসায়ী এখানে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
চেম্বার সভাপতি বলেন, “গ্যাস ও বিদ্যুতের অভাবে বিনিয়োগকারীরা লোকসানের শিকার হচ্ছেন। সরকার এলএনজি আমদানির ঘোষণা দিলেও দ্রুত সময়ের মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সমস্যার সমাধান করা না গেলে সরকারের রূপকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।”
উৎপাদনমুখী খাত ছাড়াও পর্যটন খাততে সমৃদ্ধ করার পাশাপাশি বে-টার্মিনাল নির্মাণে গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া নতুনভাবে তৈরি অর্থনৈতিক অঞ্চলগুলোতে তরুণ মেধাবী উদ্যোক্তাদের বেশি করে সুযোগ দিতে হবে উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, “উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে এবং আমরা ধীরে ধীরে উন্নত রাষ্ট্রের লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগুতে থাকব।”
বৈঠকে বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি এসএম আবু তৈয়ব শিক্ষিত ও যোগ্য ব্যবসায়ী গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, “২০৪১ সালের লক্ষ্যে কাজ করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। চট্টগ্রামে ব্যবসায়িক কর্মকাণ্ড হলেও বিদেশি অভিজ্ঞরা এখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায়।”
ব্যবসাভিত্তিক দৈনিক বণিক বার্তার সহযোগিতায় আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জুনিয়র চেম্বারের সভাপতি জসিম উদ্দিন। সূচনা বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
অন্যদের মধ্যে বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ইউসিবিএল’র ডিএমডি আবদুল জব্বার চৌধুরী, সোনালী ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক ওয়াসিউর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরো উপ-পরিচালক রহমত উল্লাহ মিয়া, হক অ্যান্ড সন্সের এমডি এমদাদুল হক, আরএসআরম স্টিলের পরিচালক মার্জানুর রহমান, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, ম্যাফ সুজের পরিচালক আবু ওবাইদা, ভারটেক্স গ্রুপের এমডি ইমরান ফাহিম নূর, এফএমসি গ্রুপের পরিচালক (ফাইন্যান্স) খাতুনে জান্নাত এবং জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট ও ভাইস প্রেসিডেন্ট মারজানুর রানা বক্তব্য রাখেন।
