জামায়াতের হরতালে স্বাভাবিক চট্টগ্রামও
সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তির বিধান চ্যালেঞ্জ করে হাই কোর্টে দায়ের হওয়া রিট আবেদনের শুনানির বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রভাব পড়েনি চট্টগ্রামেও।
সোমবার সকাল থেকে নগরী ও জেলার কোথাও দলটির কোনো নেতা-কর্মীকে মাঠে নামতে দেখা যায়নি।দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল অব্যাহত আছে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমও স্বাভাবিকভাবেই চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে; নগরীর কোথাও বিশৃঙ্খলা ঘটেনি।”
হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানচলাচল স্বাভাবিক আছে বলে জানান হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহামি।
তিনি বলেন, “পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক আছে। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী যান চলাচলও বাড়ছে।”
‘জামায়াত-শিবির অধ্যুষিত’ এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলাতেও জনজীবন স্বাভাবিক রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ চট্টগ্রামের কোথাও কোনো মিছিল-মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও পণ্যবাহী যানের পাশাপাশি যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে সকাল থেকে রাজধানী ঢাকার কোথাও জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিংয়ের খবর আসেনি।
সকালের শুরুতে রাস্তায় ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন ছিল অন্য দিনের তুলনায় কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গাড়ির সংখ্যা। অফিসযাত্রী ও কর্মজীবী মানুষের ভিড় দেখা গেছে অন্য দিনের মতোই।
হরতালে নিরাপত্তার কারণে যাত্রী কম থাকে বলে মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়া হয়নি। তবে ঢাকার আশপাশের বিভিন্ন গন্তব্যের বাস ছেড়ে গেছে বলে পরিবহন কর্মীরা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের নামে রোববার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের এই বার্তা দেয় জামায়াত, যে দলের নেতারা একাত্তরে ধর্মের নামে যুদ্ধাপরাধ ঘটিয়েছিলেন বলে আদালতের রায়ে উঠে এসেছে।
বিবৃতিতে বলা হয়, ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে’ তাদের এই হরতাল।
