দীপক হত্যা মামলা: পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ
সংস্কৃতিকর্মী দীপক চন্দ্র দে’র হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের ‘ব্যর্থতার’ নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা।
বুধবার নগরীর প্রেস ক্লাবের সামনে উদীচী ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী এক মানববন্ধনের আয়োজন করে।
এতে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, “উদীচী ও খেলাঘর সংগঠক দীপকের হত্যাকারীদের গ্রেপ্তারে আমরা চব্বিশ ঘণ্টা সময় দিয়েছিলাম। শুরু থেকেই আমরা বলে আসছি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।”
তিনি বলেন, “দুঃখজনক হলো পুলিশ খুনিদের গ্রেপ্তার না করে শুরু থেকেই রহস্যজনক ভূমিকা পালন করছে। হত্যাকাণ্ডের পর যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
“এমনকি সীতাকুণ্ডে দীপক হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের এরকম ভূমিকায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।”
মানববন্ধন থেকে কুমিল্লার সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দুর্ঘটনায় নিহত শিশু সংগঠক মানিক তলাপাত্রের মৃত্যুতে শোক জানানো হয়।
উপজেলার ঘোড়ামারা এলাকার একটি টিনশেড ঘর থেকে গত ১৫ মার্চ সীতাকুণ্ড উপজেলা উদীচীর সভাপতি দীপক চন্দ্র দে’র ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপক চন্দ্র দে’র সন্তান আকর দে পিনাক, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সুশোভন বিশ্বাস।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, মুক্তিযোদ্ধা বালাগত উল্লাহ, আবৃত্তি সংগঠন প্রমা’র সভাপতি রাশেদ হাসান ও চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।
