সীতাকুণ্ড উদীচী সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার
সীতাকুণ্ড উপজেলা উদীচীর সভাপতি দীপক চন্দ্র দের (৬০) রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ঘোড়ামারা পাকা মসজিদ এলাকার একটি টিনশেড ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দীপক উপজেলার মধ্যম মহাদেবপুরের বাসিন্দা।
উপজেলা উদীচীর সভাপতির দায়িত্বে থাকার পাশাপাশি দীপক সন্ধানী লাইফ ইনস্যুরেন্সেও কাজ করতেন।
শিশু-কিশোর সংগঠন মেঘমল্লার খেলাঘর আসরের সাবেক সভাপতি ছিলেন দীপক।
সীতাকুণ্ড থানার এসআই মো. আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে খবর পেয়ে দীপকের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই বাসার ১০-১২টি কক্ষে বিভিন্ন পেশার শ্রমিকরা থাকেন।
এই ঘটনায় বীমা প্রতিষ্ঠানটির গ্রাহক এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই আশরাফুল।
এদিকে এক যুক্ত বিবৃতিতে দীপকের মৃত্যুর কারণ দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, চট্টগ্রাম জেলা সভাপতি ও শহীদ জায়া মুশতারি শফি, সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্তা।
