২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ মুক্তিযোদ্ধার জন্য গৃহ নির্মাণ করবে চট্টগ্রাম সিটি

পাঁচ ধাপে ৫০ জন মুক্তিযোদ্ধার জন্য গৃহ নির্মাণের ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 08:42 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বুধবার নগর ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

সিটি মেয়র বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত এ দেশে মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মর্যাদায় আসীন করেছে।”

বৈঠকে অস্বচ্ছল ও মারা যাওয়া মুক্তিযোদ্ধাদের পরিবারের আবাসন নির্মাণসহ পুনর্বাসনের জন্য ৫০ জনের একটি তালিকা মেয়রের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ।

মেয়র বলেন, পাঁচ ধাপে ৫০ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য গৃহ নির্মাণ করবে সিসিসি।

“মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, সম্মানী ভাতা প্রদান, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য চাকরিতে কোটা সংরক্ষণসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে অসংখ্য পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।”

চট্টগ্রাম নগরীকে সুন্দর করে গড়ে তুলতে মেয়র এ সময় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান।