চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের হাটহাজারী থেকে ১০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মোজাম্মেল হক (৩০) কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রফিক উদ্দিনের ছেলে।
সোমবার বেলা ১টার দিকে হাটহাজারী-ভাটিয়ারি লিংক রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি আমির উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে আটক করে সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
