২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিক্ষারক উপাদানে আইসক্রিম তৈরি, জরিমানা

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ঘনচিনি, এসিড ও সবুজ রং দিয়ে লেমন আইসক্রিম তৈরি করায় এক লাখ জরিমানা ও কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 07:33 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

সোমবার দুপুরে নগরীর মাদারবাড়ি ডিটি রোড এলাকার ‘হ্যাপি আইসবার’ কারখানাকে এই জরিমানা করা হয়।

এছাড়া পাঁচ হাজার আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ১০ হাজার টাকা মূল্যের কেমিক্যাল ধ্বংস করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বাধীন এই ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো অনুমোদন ছাড়াই ওয়াসার পানি ব্যবহার করে এসব আইসক্রিম বানানো হয়।

কারখানার মালিক শফিকুল হক বরিশালের বাসিন্দা। বছরে তিন-চার মাসের জন্য চট্টগ্রামে এসে তিনি আইসক্রিম তৈরির ‘মৌসুমী ব্যবসা’ করেন।

রুহুল আমিন বলেন, কারখানাটিতে ঘনচিনি, সাইট্রিক এসিড আর সবুজ রং দিয়ে লেমন আইসক্রিম বানানো হয়। কুলফি আইসক্রিম বানাতে অ্যারারোট ও স্যাকারিন এবং চকলেট আইসক্রিম বানাতে পাম ওয়েল ও চকলেট পাউডার ব্যবহার করা হয়। 

“জিজ্ঞাসাবাদে কারখানা মালিক শফিকুল বলেন, রং না দিলে কেউ আইসক্রিম কিনবে না। ফুড কালারের দাম বেশি। তাই খোলা বাজার থেকে তিন-চারশ টাকায় কিনে এসব রং ব্যবহার করা হয়।”