নৌবাহিনীতে তিন যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে যুক্ত
বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত তিনটি যুদ্ধ জাহাজ ‘কমিশনিং’ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার চট্টগ্রাম নেভাল জেটিতে তিন যুদ্ধ জাহাজের অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী।
যুদ্ধজাহাজ তিনটি হল- বিএনএস সমুদ্র অভিযান, বিএনএস স্বাধীনতা ও বিএনএস প্রত্যয়।
বাংলাদেশের বিশাল জলসীমার সুরক্ষায় নৌবাহিনীতে নতুন সংযোজিত তিনটি আধুনিক জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
“এই সমুদ্রসীমার যে সম্পদ তা আমরা কাজে লাগাতে চাই। সেজন্য আমরা ব্লু ইকোনমি পরিকল্পনা গ্রহণ করেছি।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল প্রধান রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব।
সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধান ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিএনএস স্বাধীনতার অধিনায়ক কমডোর এম ফারুক হাসান, সমুদ্র অভিযানের ক্যাপ্টেন ওয়াসিম মাকসুদ, বিএনএস প্রত্যয়ের ক্যাপ্টেন জিয়াউর রহমানের কাছে কমিশনিং ফরমান তুলে দেন।
গণচীনে বানানো আধুনিক যুদ্ধজাহাজ বিএনএস স্বাধীনতা ও বিএনএস প্রত্যয় গত ১০ জানুয়ারি চট্টগ্রাম নৌঘাঁটিতে এসে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান গত বছরের ২৮ নভেম্বর চট্টগ্রাম ঘাঁটিতে আসে।
