গরু চুরির শঙ্কা থেকে উদ্ভাবনের নেশায়
নির্ধারিত নম্বর থেকে ফোন করলে খুলবে তালা; আর অন্য কেউ দরজা খোলার চেষ্টা করলেই সংকেত চলে যাবে বাড়ির মালিকের মোবাইলে।
চোরের উৎপাতের কারণে নিজের বাড়ির গরু বাঁচানোর উপায় খুঁজতে গিয়ে এমনই এক নিরাপত্তা ব্যবস্থা উদ্ভাবন করেছেন নাটোরের লালপুরের তরুণ ইব্রাহিম আলী। এ প্রযুক্তির নাম তিনি দিয়েছেন ‘মোবাইল বেইজড ডোর-লক সিস্টেম’।
লালপুর উপজেলার চামটিয়া গ্রামের এক কৃষক পরিবারের সন্তান ইব্রাহিম। সংসারের নিত্য অভাব আর বিজ্ঞান শিক্ষার সুযোগহীন পরিবেশে বেড়ে উঠলেও কিছুই তার উদ্ভাবনের নেশায় বাধা হয়ে উঠতে পারেনি।
নানা প্রতিকূলতা মধ্যেও নিজের প্রয়োজন মেটাতে তিনি তৈরি করেছেন ‘মোবাইল বেইজড ডোর-লক সিস্টেম’, সেচযন্ত্র, ক্রেইন ও বুলডোজার।
এসব উদ্ভাবনের কিছুটা স্বীকৃতিও মিলেছে সম্প্রতি; এখন চাইছেন পৃষ্ঠপোষকতা।
সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত উদ্ভাবনী মেলায় ইব্রাহিমের ‘মোবাইল বেইজড ডোর-লক সিস্টেম’ প্রদর্শিত হয়।
বিসিএসআইআর-এর চট্টগ্রাম অঞ্চলের বিজ্ঞানী নজরুল ইসলাম ভূইয়া এ প্রযুক্তির প্রশংসা করে পৃষ্ঠপোষকতার জন্য ঢাকায় যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানিয়েছেন।
কয়েকদিন আগে নিজের উদ্ভাবিত ‘মোবাইল বেজড ডোরলক সিস্টেম’ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয়ে আসেন ইব্রাহিম আলী। দেখান কীভাবে ডিভাইসটি কাজ করবে।
ইব্রাহিম আলী
ইব্রাহিম জানান, এ প্রযুক্তিতে কমপক্ষে পাঁচজনের ফোন নম্বর সেট করা যাবে, সঙ্গে থাকবে একটি ‘মাস্টার’ ফোন নম্বর। সেট করা নম্বর থেকে কল গেলে লক খুলবে। সঙ্গে সঙ্গে মাস্টার নম্বরে সংকেত দিয়ে দরজা খোলার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
“আবার দরজা খোলা অবস্থায় বাইরে থাকা অন্যরা কল দিলে সেটা আর লক হবে না। কেউ দরজা ধাক্কাধাক্কি করলে তার সংকেতও চলে যাবে মাস্টার ফোনে। কখনও যান্ত্রিক ক্রুটির কারণে ডোর লক অচল হলে ম্যানুয়ালি চাবি দিয়ে খোলারও ব্যবস্থা রয়েছে।”
পৃষ্ঠপোষকতা পেলে এ ডিভাইস আরও উন্নত করা সম্ভব বলে মনে করেন ইব্রাহিম।
তিনি জানান, প্রান্তিক অঞ্চলের অনেক পরিবারের সন্তানের মতোই স্কুলের বদলে তাকে পাঠানো হয় মাদ্রাসায়। সেখানে বিধি-নিষেধের কারণে সহপাঠীদের কাছ থেকে লুকিয়েই তার উদ্ভাবনের খেলা চলে।অনটনের সংসারে দাখিল পাসের পর সেই পড়াশুনাও আর এগোয়নি।
ইব্রাহিম এখন কাজ করছেন চট্টগ্রামের একটি কনস্ট্রাকশনস ফার্মের টেকনিক্যাল সুপারভাইজার হিসেবে। তার উদ্ভাবনের খুঁটিনাটি দেখে স্বীকৃতি হিসেবে তাকে একটি সনদ দিয়েছে বিসিএসআইআর।
বিজ্ঞানী নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইব্রাহিম খুবই সম্ভাবনাময়, গত সপ্তাহে আমরা চিঠি দিয়ে তাকে পৃষ্ঠপোষকতা করার কথা ঢাকায় জানিয়েছি।
“সে প্র্যাকটিকালি অনেক অ্যাডভান্সড। থিওরিটিক্যালি আরেকটু সহযোগিতা করা গেলে সে আরও ভালো করবে।”
