চট্টগ্রামে নগর আ. লীগের শিশু দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে নানা আয়োজনে জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর দারুল ফজল মার্কেটে থাকা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন নগর আওয়ামী লীগের নেতারা।
এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে হয় এক আলোচনা সভা, যাতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নগরীর মেয়র আ জ ম নাছির উদ্দিন বক্তব্য রাখেন।
বাঙালি জাতির ‘আলোকবর্তিকা’ অভিহিত করে সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু বাঙালিকে একটি আপন ঠিকানা দিয়েছেন। তার নেতৃত্বে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে একাত্তর সালে যুদ্ধ করে স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছি।
“তার জন্ম না হলে বাংলাদেশের অভ্যুদয় ঘটতো না। তিনি বাঙালি জাতির আলোকবর্তিকা।”
নগরীর বর্তমান মেয়র নাছির উদ্দিন বলেন, “আজকের শিশুদের বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শনে প্রাণিত করতে সঠিক নির্দেশনা দিতে হবে।
“আজ জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস। এ দিনকে যারা অমর্যাদা করবে তারা এদেশে থাকতে পারবে না। তারা সংশোধন হয়ে যান।”
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আখতার হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ অন্যরা বক্তব্য রাখেন।
