চট্টগ্রামে টেম্পু উল্টে ট্রাফিক পুলিশের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে টেম্পু উল্টে ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত হানিফ (৪৫) চট্টগ্রাম উত্তর বিভাগে এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে বলে বাকলিয়া থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) দেবব্রত কর জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত কালামিয়া বাজার এলাকায় দায়িত্ব পালন করে টেম্পুতে করে হানিফ হালিশহর এলাকার বাসায় ফিরছিলেন। কদমতলী ফ্লাইওভার থেকে টেম্পুটি নামার সময় উল্টে গিয়ে হানিফ আহত হন।”
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ফাঁড়ি পুলিশের এএসআই পংকজ বড়ুয়া।
ট্রাফিক পরিদর্শক (টিআই) দেবব্রত বলেন, “হানিফ মাথায় আঘাত পায়, তার কান ও নাক দিয়ে রক্ত পড়ছিল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “টেম্পুর চালকের পাশে বসেছিলেন হানিফ। ফ্লাইওভার থেকে নামার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা টেম্পুর মুখোমুখী হলে চালক নিয়ন্ত্রণ হারালে তা উল্টে যায়।”
