চট্টগ্রামে স্থানীয়দের বাধায় উচ্ছেদ হয়নি অবৈধ স্থাপনা
চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে ফিরে এসেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে গৃহায়ন কর্তৃপক্ষের তিনটি প্লট থেকে অবৈধ বসতি উচ্ছেদ করতে গেলে স্থানীয়দের বাধার পর পুলিশ ৪১ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।
গৃহায়ন কর্তৃপক্ষের হয়ে উচ্ছেদে যাওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিরোজ শাহ কলোনিতে গৃহায়ন কর্তৃপক্ষের তিনটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে।
“এই তিনটি প্লট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে তারা বাধা দেয়।”
ঘটনাস্থল থেকে ফিরে আসার সময় স্থানীয় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উচ্ছেদ স্থগিত রেখে ফিরে আসেন বলে জানান তিনি।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্ছেদে ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ ৪১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে জানিয়ে তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
