২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি’র শাটল ট্রেনের সময়সূচিতে ফের পরিবর্তন

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

মঙ্গলবার সকাল থেকে এই নতুন সময়সূচি অনুসারে ট্রেন চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫০০ তম সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি বাড়ানো ও অফিস সময় পাল্টানোর সিদ্ধান্ত হয়। অফিস ও ক্লাসের সময়সূচি পাল্টানোর পাশাপাশি ১৫ জানুয়ারি থেকে শাটল ট্রেনের সময়সূচিও পরিবর্তন করে কর্তৃপক্ষ।

তবে পরিবর্তিত সময়সূচিতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এজন্য দুপুরের শাটল ট্রেনগুলোর সময়সূচি পাল্টানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দেয় শিক্ষার্থীরা।

প্রক্টর অধ্যাপক আলী আজগর বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসের সময়সূচি পাল্টানোয় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই আমরা শাটল ট্রেনের সময়সূচি বদলে ছিলাম।

“শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই আবারও শাটলের সময়সূচি পাল্টানো হল।”

নতুন সময়সূচি অনুসারে- নগরীর বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা, সকাল ৮টা এবং ষোলশহর স্টেশন থেকে সকাল পৌনে ১০টা ও সকাল সাড়ে ১০টা, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ট্রেন চলবে।

আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টেশন থেকে সকাল পৌনে ৯টা, সকাল ৯টা ২০ মিনিট, দুপুর দেড়টা, বেলা আড়াইটা এবং বিকাল ৪টা, বিকাল সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় শহরের উদ্দেশে ট্রেন চলবে।

আর ডেমু ট্রেন শহর থেকে সকাল সাড়ে ৮টা ও দুপুর ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশে ছাড়বে সকাল সাড়ে ১০টা ও বেলা ৩ টায়।

পুরনো খবর:

পাল্টাচ্ছে চবি'র শাটল ট্রেনের সময়সূচি
শাটলের সময়সূচি বদলানোর দাবি চবি শিক্ষার্থীদের