২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাটলের সময়সূচি বদলানোর দাবি চবি শিক্ষার্থীদের

শাটল ট্রেন চলাচলের সময় পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার দুপুরে বিশ্ববিদালয়ের শহীদ মিনার এলাকায় মানববন্ধন শেষে প্রক্টরের সঙ্গে দেখা করে নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শাটল ট্রেনের বগি বাড়ানো ও ট্রেনের মানোন্নয়ন, ট্রেনের সময়সূচি পরিবর্তন, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট পর্যন্ত তরী (ছোট বাস) আসার ব্যবস্থা করা, ট্রেনে ঢিল ছোড়া বন্ধে পদক্ষেপ নেওয়া এবং বহিরাগতদের ওঠা বন্ধ করা।

মানববন্ধনে রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফজল হাবীব বালিয়া বলেন, “শিক্ষার্থীদের পরিবহন ভাড়া বাড়ানো হলেও শাটলের বগির সংখ্যা ও সেবার মান বাড়েনি। এছাড়া দুপুর দেড়টার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

“বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি শাটলের বগির সংখ্যা বাড়িয়ে আমাদের পরিবহন সমস্যার সমাধান করুন।”

গত বছরের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫০০তম সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি বাড়ানো ও অফিস সময় পাল্টানোর সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং সকাল ৮টা থেকে বেলা ২টার পরিবর্তে অফিস সময় সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

পরিবর্তিত সময়সূচির সঙ্গে তাল মেলাতে ১৫ জানুয়ারি থেকে শাটলের সময়সূচিও পরিবর্তন করে কর্তৃপক্ষ।

নতুন সময়সূচি অনুযায়ী ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে সকাল ৮টা ৪৫ মিনিট, ৯টা ২০ মিনিট, আড়াইটা, সাড়ে ৩টা, বিকাল ৫টা, সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৯টায় শাটল ট্রেন চলছে।

শিক্ষার্থীরা বলছেন, দুপুর দেড়টার ট্রেন বন্ধ হওয়ায় নগরীতে ফিরতে সমস্যায় পড়ছেন তারা।

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা  দাবিগুলো শুনেছি। দাবিগুলো আমরা বিবেচনা করে পদক্ষেপ নেব।”

চট্টগ্রাম নগরী থেকে ২২ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াতের অন্যতম প্রধান বাহন শাটল ট্রেন।