‘চাকরির জন্য পড়াশোনায় উচ্চশিক্ষার উদ্দেশ্য বাধাগ্রস্ত’
জ্ঞান অর্জনের পরিবর্তে শিক্ষার্থীরা চাকরির জন্য পড়াশোনার কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য পূরণ হচ্ছে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যাললে এক সমিনারে তিনি বলেন, “অধিকাংশ শিক্ষার্থী এখন জ্ঞান অর্জনের পরিবর্তে চাকরি লাভের আশায় বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটের জন্য আসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষক বলেন, “প্রথম বর্ষের অনেক শিক্ষার্থীকে বিভাগের পড়াশোনা বাদ দিয়ে বিসিএসের জন্য পড়তে দেখি। এভাবে বাজারি পড়াশোনা দিয়ে জ্ঞান অর্জন হয় না। জ্ঞান অর্জনের জন্য গবেষণামূলক পড়াশোনা প্রয়োজন।”
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ‘বাংলাদেশের উচ্চ শিক্ষার চিত্র: অগ্রগতি, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
২০১৫-১৬ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির মাত্র এক দশমিক ৭৭ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থনীতিবিদ মঈনুল ইসলাম বলেন, “সরকার নিজেকে শিক্ষাবান্ধব ও শিক্ষায় সফল দাবি করলেও গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম শিক্ষায় বাজেট দুই শতাংশের নিচে নামল।”
দেশের অর্থনৈতিক মুক্তির জন্য শিক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান তিনি।
বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক ড. আলী আজগর বলেন, “পুরো বিশ্বেই প্রযুক্তি ক্ষেত্রে খুব দ্রুত বিবর্তন হচ্ছে। সময়ের চাহিদা পূরণ করতে হলে আমাদের শিক্ষায় বিজ্ঞানমনষ্কতা ও সর্বজনীনতা আনতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষাকে করতে হবে জ্ঞাননির্ভর।”
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “উচ্চশিক্ষার মান বাড়াতে শুধু ক্লাস নিয়েই দায়িত্ব শেষ করলে হবে না, শিক্ষকদের গবেষণাও করতে হবে।
“বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিজেদের বিবেকের প্রতি দায়বদ্ধ থেকে নিজেকে প্রশ্ন করতে হবে আমি ভালো ক্লাস নিচ্ছি কিনা, ভালো গবেষণা করছি কি না।”
সেমিনারে কবি, সাংবাদিক আবুল মোমেন বলেন, “প্রাথমিক শিক্ষাই হল শিক্ষাজীবনের ভিত্তি। শুধু পুঁথিগত বিদ্যা আর কোচিং সেন্টারনির্ভর করে শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও চিন্তাশক্তিকে নষ্ট করলে মানসম্মত উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়িত হবে না।”
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীর পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।
