২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: কৃষি ব্যাংকের সাবেক ২ কর্‌মকর্তাসহ চারজনের সাজা

বন্ধকী সম্পত্তি বিক্রি করে অর্থ আত্মসাতে দায়ে কৃষি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে ১০ বছর করে কারাদাণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক রুহুল আমিন দুই যুগ আগের এই মামলার রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম চা বোর্ড শাখার সাবেক ব্যবস্থাপক শাহেদ হাসান, সেকেন্ড অফিসার মীর কাশেম, মেসার্স ফিশ হোম লিমিটেডের প্রধান হিসাব কর্মকর্তা বিপ্লব চৌধুরী ও গুদাম কর্মকর্তা সাহেদুল হক। আসামিরা সবাই পলাতক।   

আসামিদের ৬০ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও একছর করে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৩ সালের ৩ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে আসামিরা চারটি ডিওর মাধ্যমে ফিশ হোম লিমিটেডের রপ্তানিযোগ্য পণ্য কৃষি ব্যাংকের চা বোর্ড শাখায় বন্ধক থাকাবস্থায় দুই কোটি ৪০ লাখ টাকায় বিক্রি করে দেন।

ওই ঘটনায় শাহেদ হাসানের পরে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেওয়া আকিকুর রহমান ওই বছরের ২৪ সেপ্টেম্বর পাঁচলাইশ থানায় মামলা করেন।

পাঁচ বছর পর ১৯৯৮ সালের ১৫ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এই মামলায় অভিযোগপত্র দেয় ও ২০১০ সালের ২৩ জুন অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।