নিখোঁজের ৫ মাস পর ‘আশ্রম পালানো’ কিশোরের সন্ধান
চট্টগ্রাম থেকে ‘নিখোঁজ’র পাঁচ মাস পর এক কিশোরকে কক্সবাজারে পাওয়া গেছে, যাকে অপহরণ করা হয়েছে সন্দেহে তার মায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।
গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ শিপন দাশ (১১) নামে এই কিশোর প্রবর্ত্তক অনাথ আশ্রমের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নগর গোয়েন্দা পুলিশের এসআই স্বপন সরকার জানান, কক্সবাজারের একটি গ্যারেজ থেকে বুধবার রাতে তাকে পাওয়ার পর চট্টগ্রামে এনে বৃহস্পতিবার বিকালে মহানগর হাকিম হাজির করা হয়। আদালত তার জবানবন্দি শুনেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিপন গত ৩০ সেপ্টেম্বর অনাথ আশ্রম থেকে পালিয়ে কক্সাবাজার চলে যায়। পালানোর এক মাস পর ১ নভেম্বর নগরীর পাঁচলাইশ থানায় একটি অপহরণ মামলা করেন তার মা সুপ্রিয়া দাশ।
“মামলার পর পুলিশ জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। যাদের মধ্যে একজন নিখোঁজের কিশোরের সন্ধান দেয়ার কথা বলে সুপ্রিয়ার কাছ থেকে দুই লাখ টাকা দাবিও করেন।”
‘নিখোজ’ কিশোরের সন্ধান না পাওয়ায় গত ফেব্রুয়ারি মাসে তার মায়ের করা মামলা নগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে এই কিশোরের সন্ধান পাওয়া যায় বলে জানান এসআই স্বপন।
পুলিশ সদস্য স্বপন আরও বলেন, “ছেলেটি নিজেই অনাথ আশ্রম থেকে পালিয়ে কক্সবাজার চলে যায়। সেখানে এক নারীর কাছে আশ্রয় নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ির গ্যারেজে কাজ নেয়।”
