২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৯ জাহাজকে জরিমানা

বন্দর চ্যানেলে অবস্থানকারী নয়টি লাইটার, ফিশিং জাহাজ ও অয়েল ট্যাংকারকে বিভিন্ন অপরাধে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।

আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদীর জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকা থেকে ওয়েস্টার্ন মেরিন পর্যন্ত অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

“এসময় অতিরিক্ত পণ্য পরিবহন, মাস্টার ও ড্রাইভারের সনদ না থাকা, নিরাপত্তা সরঞ্জাম না রাখাসহ বিভিন্ন অপরাধে নয়টি জাহাজকে জরিমানা করা হয়।”

অভিযানে এমভি টাইগার অব ইস্ট বেঙ্গল-৫, এম ভি হাসান ও এমভি ওয়েস্টিনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া এফভি স্টার-১, এফভি শাহ বদর-১, এমভি সাদিয়া অ্যান্ড আমিরা, ওটি হজরত বদর শাহ এবং এফভি সাগর-১ এর প্রত্যেকটিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এমভি নওরোজকে ২০ হাজার টাকা এবং এফভি এস আর এলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে এমভি নওরোজ নামের লাইটার জাহাজের কাছ থেকে বন্দর ব্যবহারের বকেয়া ভাড়া (পোর্ট ডিউজ) বাবদ এক লাখ ৮২ হাজার টাকা আদায় করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ আইস লিমিটেড নামের প্রতিষ্ঠানকে অবৈধভাবে জেটিতে কয়েকটি জাহাজ বেঁধে রাজস্ব (মুরিং বিল) ফাঁকি দিতে সহায়তার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।