রেস্তোরাঁর ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে
কাঁচা ও রান্না করা মাংস এবং রান্নার কাজে ব্যবহার করার মসলা একসঙ্গে ফ্রিজে রাখাসহ কয়েকটি অনিয়মের দায়ে চট্টগ্রাম নগরীর কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর চকবাজার এলাকার ‘সাদিয়া’স কিচেন’ থেকে শুরু করা এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদিয়া’স কিচেনের রান্নাঘরে অত্যন্ত নোংরাভাবে ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে রাখা ছিল।
“সেখানে ড্রামে পোড়া তেলও জমিয়ে রাখা অবস্থায় পাওয়া গেছে। শুরুতে হোটেল ম্যানেজার পোড়া তেল সংরক্ষণ করা হয়েছে জানালেও পরে জানান এগুলো ২০ থেকে ২৫ টাকা লিটার দরে বিক্রি করা হয়।”
অপরিচ্ছন্ন পরিবেশ এবং কোমল পানীয়ের দাম বেশি নেওয়ায় সাদিয়া’স কিচেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
এছাড়া চকবাজার এলাকায় হোটেল চক মালঞ্চে অভিযানে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ, পচা সস এবং ফ্রিজে কাঁচা ও রান্না মাংস এক সঙ্গে রাখার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর ওই এলাকার হোটেল শাহ তৈয়বিয়ার রান্না ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশ ময়লা খাবার প্লেট, পোড়া তেল দিয়ে সিঙ্গাড়া, সমুচা, ডাল পুরি ও পরোটা ভাজার প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত।
ওই হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে মোট ২০ লিটার পোড়া তেল ধ্বংস করা হয়।
