২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার চুয়েটের তৃতীয় সমাবর্তন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার বিকালে সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।  

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সমাবর্তনের তথ্য ও প্রচার উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক জানান, সমাবর্তনে ২০১২ সালের ১৬ অক্টোবর থেকে এবছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সনদ ও রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়া হবে।

এক হাজার ৫৬৪ জন স্নাতক, ৩২ জন স্নাতকোত্তর, চারজন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও তিনজন পিএইচপি ডিগ্রি অর্জনকারীকে সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজনকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়া হবে বলে জানান জানান তিনি।

মশিউল হক বলেন, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী সমাবর্তন বক্তা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকবেন।

এছাড়া চুয়েট উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমও অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে দেশি-বিদেশি প্রায় তিন হাজার অতিথি যোগ দেবেন।