নানা আয়োজনে চট্টগ্রামে নারী দিবস পালিত
সব শৃংখল উপড়ে ফেলে মানুষ হিসেবে পূর্ণ মর্যাদা আদায়ের লড়াই এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়েছেন চট্টগ্রামের নারীরা।
মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার আয়োজিত অনুষ্ঠানে এ শপথ নেন তারা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা মহিলা আইন বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও অরগাইনাইজেশন অব উইমেনস ডেভলপমেন্ট (ওডেব)।
নগরীর ডিসি হিলে বিএনপিএসের একটি শোভাযাত্রা শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বিএনপিএসের প্রোগ্রাম অর্গানাইজার কুমকুম দত্ত বলেন, “দেশের ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা কোনো অংশে কম নয়। রাষ্ট্রের নানা স্তরে নারীরা অবদান রেখে চলছে শত বাধা-বিপত্তি সত্ত্বেও।
“পুরুষতন্ত্রের আরোপিত সকল শৃংখলা দৃপ্ত শপথে উপড়ে ফেলে দেশ ও জাতির স্বার্থে নারীকে এগিয়ে যেতে হবে।”
আজও ঘরে-বাইরে নারীর কাজের স্বীকৃতি মিলছে না উল্লেখ করে বিএনপিএসের কমিউনিটি অর্গানাইজার ইয়াছমিন আক্তারও একই আহবান।
এছাড়া নগরীর দামপাড়া পুলিশ লাইন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
পরে এক আলোচনা সভায় চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, “বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। নারী-পুরুষের সমতা বিধানের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। ”
‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ স্লোগান নিয়ে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান বলেন, “নারীর সার্বিক উন্নতি ঘটাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সকল বাধা মোকাবেলা করে নারীকে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব দীপক চক্রবর্তী, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নারী দিবসে বেসরকারি উন্নয়ন সংস্থা অর্গানোইজেশন অব উইমেনস ডেভলপমেন্ট (ওডেব) নগরীর চান্দগাঁও এলাকায় আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার।
আলোচনায় অংশ নেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, ওডেব’র প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার, প্রকল্প কর্মকর্তা কান্তা মল্লিক ও রতন দাশ।
